সম্পাদক ও প্রকাশক: আবুল হাসান মো: আল ফারুকা
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
ময়মনসিংহে নগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর নিতে এসেছেন তাঁর স্ত্রী মীম আক্তার। ঘটনার পর আতঙ্কে পরিবারের সদস্য ও স্বজনরা কেউ মরদেহ নিতে না আসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মেহেদীর মরদেহ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মর্গে গিয়ে স্বামীর মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন মীম আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন মর্গে কর্তব্যরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মুজিব মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান। এ ঘটনার পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরুজ জামানের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেলেও আতঙ্কের কারণে মেহেদীর মরদেহ নিতে আসেননি তাঁর পরিবারের কেউ। ফলে প্রায় ৩৬ ঘণ্টা হাসপাতালের মর্গে পড়ে থাকে মরদেহ। অবশেষে মঙ্গলবার দুপুরে স্বামীর মরদেহ নিতে হাসপাতালে আসেন মীম আক্তার।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে মীম আক্তার বলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেছে। আমি শুধু স্বামীর মরদেহ দাফন-কাফন করে একমুঠো মাটি দিতে চাই। আমার একটি ছোট মেয়ে আছে। তাকে নিয়ে বাঁচতে চাই। আমাদের আত্মীয়স্বজন কেউই মরদেহ নিতে আসেননি। সবাই ভয়ে পালিয়ে আছেন। তাই ৩৬ ঘণ্টা পর আমি নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি। আমার সঙ্গে কোনো পুরুষ আসেননি। কয়েকজন নারীকে নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। এখন শুধু স্বামীর মরদেহটি দাফন করে কবর দিতে চাই। অন্তত শেষবারের মতো তাঁর মুখটা দেখে সম্মানের সঙ্গে দাফন করতে চাই।’
মীম আক্তারের অভিযোগ, তাঁর স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, সুরুজ জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে বিভিন্ন সময় তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। এমনকি মেহেদীর মরদেহ এলাকায় দাফন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব আতঙ্কে পরিবারের কেউ আগে মরদেহ নিতে আসার সাহস পাননি।
মীম আক্তারের সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘আমরা ভয়ে এসেছি। শুনেছি, মেহেদীর মরদেহ কবর দিতে দেওয়া হবে না। তাই মরদেহ নিয়ে হাসপাতালেই অপেক্ষা করছি। পুলিশ সঙ্গে গেলে আমরা মরদেহ নিয়ে যাব।’
ওই নারী আরও বলেন, মেহেদী হাসান পাশের একটি বাড়িতে পালিয়ে গিয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাঁকে ধরে এনে মারধর করা হয়। দুই পক্ষের দুজনই মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, এক পক্ষের মরদেহ দাফন করা হয়েছে। তাঁরা চান, মেহেদীর মরদেহটিও যেন সম্মানের সঙ্গে দাফন করতে পারেন।
