এই সময়: আগামী বছরের গ্রীষ্মে মুম্বই বিমানবন্দর থেকে ১২টি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওঠানামার অনুমতি মেলেনি। তা নিয়ে শুরু হয়েছে হইচই।
এর মধ্যে এয়ার আরবিয়া, ওমান এয়ার, গালফ এয়ার, কুয়েত ও কাতার এয়ারওয়েজ়ের মতো এয়ারলাইন্স রয়েছে। এখন তাদের নিয়মিত ফ্লাইট রয়েছে মুম্বই থেকে। প্রশ্ন উঠেছে, তা হলে কেন ২০২৭–এর সামার শিডিউলে মূলত গালফ এবং পশ্চিম এশিয়ার এয়ারলাইন্সগুলিকে স্লট বা নামাওঠার অনুমতি দেওয়া হলো না?
মুম্বই বেসরকারি বিমানবন্দরের নিয়ন্ত্রণ রয়েছে মূলত আদানিদের হাতে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বই বিমানবন্দরের এয়ারলাইন অপারেটর্স কমিটি (এওসি) বিমান মন্ত্রকের সচিব সমীর সিনহাকে ই–মেল করেছে। বলা হয়েছে, এই সিদ্ধান্ত না বদলালে হয় নতুন তৈরি নভি মুম্বই বিমানবন্দরে শিফট করে যাবে এই এয়ারলাইন্সগুলির ফ্লাইট নয়তো, মুম্বই থেকে অপারেশন বন্ধ করে দিতে হবে।
উল্লেখ্য, বছরে দু’বার উড়ানসূচি বা ফ্লাইট শিডিউল প্রকাশ করা হয়। একবার গ্রীষ্মে, একবার শীতে। সেই সময়ের স্লট পেতে সংশ্লিষ্ট বিমানবন্দরের কাছে অনেক আগে থেকে আবেদন করতে হয় এয়ারলাইন্সকে। এ বারেও মুম্বই বিমানবন্দরের সামার শিডিউল (২০২৭–এর এপ্রিল থেকে শুরু হবে)–এর জন্য স্লট পেতে আবেদন করে সমস্ত এয়ারলাইন্স। তারই তালিকা বেরিয়েছে বৃহস্পতিবার।
দেখা গিয়েছে, যে ৫০টি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স স্লটের জন্য আবেদন করেছিল, তাদের মধ্যে ৩৮টি পেয়েছে। পশ্চিম এশিয়ার ১২টি এয়ারলাইন্সের নাম বাদ গিয়েছে। এই ১২টি এয়ারলাইন্স মুম্বই থেকে দিনে ১৪টি শহরে মোট ১৬টি ফ্লাইট চালায়। যার মধ্যে বাহরিন, দোহা, দাম্মামের মতো শহর রয়েছে।
এ ভাবে ১২টি বিদেশি এয়ারলাইন্সের স্লট বাতিল করার জন্য মিয়াল (মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড)–এর কাছে মন্ত্রকের সম্মতি রয়েছে কি না তা শুক্রবার বিমান সচিবকে ই–মেল করে জানতে চেয়েছে এওসি। সেখানে এই সিদ্ধান্ত বদল করারও আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে মিয়াল চালায় আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড।
