
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় দেখা দিচ্ছে। তাই আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই। জাতির কল্যাণে দ্বীনি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে এ ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। এ জন্য ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। তাঁরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ তৈরি হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিফয সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মামুন।
