আড়াইহাজারে পৈতৃক জমি দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাককান্দা এলাকায় পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন আবু তালেব এবং তার আত্মীয়রা। অভিযোগ উঠেছে, আবু তালেবদের বাড়ির সামনের ১১৪ শতাংশ পৈতৃক জমি দখল করতে খাককান্দা কাজী বাড়ির পচা কামাল (৪০), মনোয়ারা বেগম (৬০), রওশন আরা বেগম (৪৫) ও মতিন (৬৫) তাদের ভয়ভীতি দেখিয়েছেন।
ওই জমিতে কেউ যেন না যায়, সেজন্য তারা দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ রয়েছে। জমির মালিকরা নিজেদের জমিতে কোনো কাজ করতে গেলেই তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে।
আবু তালেব ও তার আত্মীয়রা নিজেদের জমিতে বসবাসের জন্য গত ১৯ অক্টোবর ঘর বানানোর উদ্দেশ্যে সিমেন্টের খুঁটি বা পিলার বসিয়েছিলেন। এ ছাড়া, পৈতৃক সূত্রে এই জমির মালিক আবু তালেব ও তার পরিবার, এমন একটি সাইনবোর্ডও স্থাপন করেছিলেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে অভিযুক্তরা ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা সিমেন্টের পিলারগুলো ভেঙে ফেলেন এবং বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। একই সঙ্গে তারা জমির সাইনবোর্ডটিও তুলে নিয়ে যান। এ ঘটনায় সমাধানের জন্য পারিবারিকভাবে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিকদের একজন রফিক।
এ বিষয়ে ওয়ারিশ অনুযায়ী জমির অন্যতম মালিক হাসান আলী বলেন, আমি তাদের বলেছি আপনারা জমির মালিক কীভাবে, দলিল দেখান। যদি প্রমাণ দিতে পারেন এই জমি আপনাদের, তাহলে আমরা সরে যাব। কোনো দিন আর আপনাদের কাছে আসব না। আমাদেরও প্রমাণ আছে, এই জমির মালিক আমার বাবা।
ওয়ারিশ কামিনা বলেন, আমাদের পূর্বপুরুষ এই জমির মালিক ছিলেন। যারা এখন দখলের চেষ্টা করেছে, আমরা তাদের বিচার চাই।
অভিযোগকারী রফিক বলেন, দলিলসহ আমাদের বাপ-দাদার সম্পত্তি এটি। কিন্তু অভিযুক্তরা বহুদিন ধরে এটি দখল করার চেষ্টা করেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। যেকোনো মুহূর্তে তারা আমাদের পরিবারগুলোর ওপর হামলা করতে পারে।
এ বিষয়ে জানার জন্য সরেজমিনে গিয়ে অভিযুক্ত পচা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
