টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে এবং অন্যের লাশকে নিজের স্বামীর লাশ দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়েরের ঘটনায় তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর থানার ওমরপুর গ্রামের মো. সুরমান আলীর স্ত্রী নূরজাহান খাতুন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সটিবাড়ী কদমতলী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মো. সুরমান আলী ওরফে সোলায়মান আলী এবং টাঙ্গাইল সদর থানার ওমরপুর গ্রামের মো. সিরাজ মণ্ডল।
সরকারি কৌঁসুলি শফিকুর ইসলাম রিপন জানান, দীর্ঘ ৪১ বছর আগে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট বিরোধ দেখিয়ে অন্য একটি লাশকে সুরমান আলীর লাশ হিসেবে উপস্থাপন করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভয় দেখিয়ে ও জবরদস্তি করে বাদীর কাছ থেকে জমি লিখে নেওয়া হয় এবং লোকজনকে হয়রানি করা হয় বলেও জানান সরকারি কৌঁসুলি।
তদন্ত ও চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রমাণিত হয়, মৃত বলে দাবি করা সুরমান আলী কুড়িগ্রামে জীবিত অবস্থায় বসবাস করছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি সুরমান আলী ওরফে সোলায়মান আলী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। বাকী দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

