মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে অসংগতিপূর্ণ হিসাব দেওয়া, সঠিক তথ্য জানতে চাইলে গালিগালাজ এবং হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শিমুল মিয়া (২৭) নামের এক ব্যক্তি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, সংস্থাটির কাছে তাঁর মায়ের সঞ্চয় বাবদ পরিবারের ২২ হাজার টাকা পাওনা রয়েছে। তবে ওই টাকা ফেরত চাইতে গিয়ে তিনি হয়রানির শিকার হয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে শিমুল মিয়া তাঁর মায়ের সঞ্চয়ের হিসাব জানতে শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার কার্যালয়ে যান। সেখানে তাঁকে বিভিন্ন সময়ে ১০ হাজার, ১১ হাজার ও ১২ হাজার টাকা পাওনা থাকার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে ১২ হাজার টাকা পাওনা বলে দাবি করা হলে এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিমুল মিয়ার আরও অভিযোগ, একপর্যায়ে কার্যালয়ে উপস্থিত সাত থেকে আটজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। অভিযোগের বিষয়ে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মুমিনুল হক বলেন, স্থানীয় ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, শিমুল মিয়ার মায়ের ঋণ ও সঞ্চয়সংক্রান্ত হিসাব সম্পর্কে সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানতেন। তবে ওই কর্মকর্তা বর্তমানে অন্যত্র বদলি হয়েছেন। তাঁকে আবার কার্যালয়ে এনে হিসাব যাচাই করে সঞ্চয়ের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, একই সংস্থার আরও দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঋণ ও সঞ্চয়ের হিসাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, সঞ্চয়ের টাকা উত্তোলন করতে গেলে নানা জটিলতার মুখে পড়তে হয়। অন্যদিকে, ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে সময় বাড়ানো বা ছাড় দেওয়ার বিষয়ে সংস্থার পক্ষ থেকে তেমন সুযোগ পাওয়া যায় না। ওই সদস্যদের মতে, ঋণ ও সঞ্চয়ের হিসাব নিয়ে এমন জটিলতা তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাড়তি চাপ তৈরি করছে। তবে তাঁদের অভিযোগের বিষয়ে সংস্থার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি সঞ্চয়ের প্রকৃত হিসাব যাচাই করে গ্রাহকের পাওনা নির্ধারণ এবং উত্থাপিত অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি চান ভুক্তভোগী শিমুল মিয়া।
The post কমলগঞ্জে সঞ্চয়ের হিসাব নিয়ে বিতর্ক, পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ appeared first on ভোরের চেতনা.
