স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬ উদ্বোধনকালে স্প্যানিশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
শামা ওবায়েদ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে বাংলাদেশ। ওষুধ, চামড়া ও জুতা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
তিনি বাংলাদেশের পাটের সম্ভাবনা তুলে ধরে পরিবেশবান্ধব পণ্য, ফ্যাশন ও নকশাশিল্পে এর উদ্ভাবনী ব্যবহারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বাজার সম্প্রসারণের সুযোগের কথাও উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের একজন মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান অংশ নেয়।
এক দিনের এ এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এনআই/এমএসএ
