দেশে বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক, বিএনপি তা চায় না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ক্রসফায়ার ও গুলি করে মানুষ হত্যার হুমকিদাতাদের ডিবির সাবেক কর্মকর্তা হারুন অর রশীদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বংশধর বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৬ অক্টোবর) পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এ সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার মুগদা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের কঠোর সমালোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ক্রসফায়ার ও গুলি করে মানুষ হত্যার হুমকি দেওয়া ব্যক্তিরা ডিবির সাবেক কর্মকর্তা হারুন অর রশীদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ধারার অনুসারী।
আইজিপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের কার্যকর উদ্যোগও দাবি করেন হাসনাত আবদুল্লাহ।
এদিকে, সারাদেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে সোমবার মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সভা শুরুর আগে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও স্বৈরাচারী হয়ে উঠছে। রাষ্ট্রকাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে বিএনপিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না।
