ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর কাছে পৌঁছাবে। পাশাপাশি অনিয়ম, বৈষম্য ও সহায়তার অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক এবং সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন ও শাহীনুর আলম শাহীন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
The post ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ appeared first on ভোরের চেতনা.
