নাটক, বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দা কিংবা ওয়েব সিরিজ—সব মাধ্যমেই নিজের অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পেশাগত ব্যস্ততার মাঝেও পরিবারকে কতটা আগলে রাখেন, তা তার ভক্তমাত্রই জানেন।
পর্দায় বহুমুখী চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি একজন পূর্ণাঙ্গ ‘ফ্যামিলি ম্যান’। সামাজিক মাধ্যমে পারিবারিক মুহূর্ত ভক্তদের মাঝে প্রকাশ করা থেকে শুরু করে নিজের আবেগঘন কথা প্রকাশ করেন। আবার নিজের অতীতকেও হাতড়ে নিতে দেখা যায় অভিনেতাকে।
এবার সময়ের পরিক্রমায় চঞ্চল এমন স্থানে পৌঁছালেন যে ফের তাকে অতীতে ফিরতে হলো। স্মৃতিচারণ করলেন নিজের স্কুল জীবনের মুহূর্ত। কারণটা হলো, আজ থেকে অনেক বছর আগে ঠিক যে সময়টাতে চঞ্চল অবস্থান করছিলেন, এখন ঠিক একই স্থানে তার একমাত্র ছেলে শুদ্ধ পৌঁছে গিয়েছে। কিছুদিন পর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন অভিনেতাপুত্র, শুরু হয়েছে তার টেস্ট পরীক্ষা। তাই নিজের অতীত ও ছেলের এই অবস্থানের কথা স্মরণ করে আবেগ ধরে রাখতে পারলেন না চঞ্চল।
মঙ্গলবার সকালে প্রকাশিত কোলাজ করা দুটি ছবিই বলে দেয় চঞ্চলের গল্প। তাতে দেখা যায়, কটি তার নিজের বয়সের স্মৃতিবিজড়িত ছবি এবং অন্যটিতে রয়েছে বর্তমান সময়ের বাবা-ছেলে একটি মিষ্টি ফ্রেম।
প্রথম ছবিটি সম্পর্কে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, এটি সেই বছরের ছবি, যে বছর তিনি নিজে এস.এস.সি পরীক্ষা দিয়েছিলেন। আর দ্বিতীয় ছবিটি মাত্র কিছুদিন আগের। জানান, আজ থেকে তাদের একমাত্র ছেলে শুদ্ধর এস.এস.সি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মার্চে তার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছেলের জন্য প্রার্থনা চেয়ে পোস্টের শেষাংশে চঞ্চল লেখেন, ‘সময় বহমান, সব সময়ই মানুষের ভালোবাসা ও শুভ কামনা কাম্য।’
২০০৭ সালে পেশায় চিকিৎসক শান্তা চৌধুরীকে বিয়ে করেন চঞ্চল চৌধুরী। এই দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। এর আগে চলতি বছরের গত আগস্টে দাম্পত্য জীবনের দীর্ঘ দুই দশক পূর্তি উপলক্ষে স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
