ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার জোটটি জানায়, সৌদি আরবের দুটি অঞ্চলে এসব হামলা চালানো হয়েছিল। দেশটির সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।
জোটের দাবি, হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চারটি ড্রোন ছুড়েছিল। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পূর্বাঞ্চল ও খারজ এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছিল। পরে কর্তৃপক্ষ জানায়, দুই এলাকাতেই বিপদের আশঙ্কা কেটে গেছে।
গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর তাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে সৌদি আরব। বাব আল-মান্দেব উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এটি আরব উপদ্বীপের অন্যপাশে অবস্থিত হরমুজ প্রণালি থেকে পৃথক।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে। অন্যদিকে, হুতিরা রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে। দুপক্ষের মধ্যে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ফলে হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই পরিস্থিতির অবসান ঘটেছে।
এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাতের আরেকটি নতুন ফ্রন্ট তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
