চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় আড্ডাবাজার এলাকা থেকে মাসুদ (৩০) নামে এক ব্যক্তিকে চোরাই গরুসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় মাসুদ (৩০) নামে এক ব্যক্তিকে চোরাই গরুসহ আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে।
গত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের চারালডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে চারালডাঙা গ্রামের কাজলের বাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত মাসুদ। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গরুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে উপজেলার আড্ডাবাজার এলাকায় চোরাই গরুসহ মাসুদকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয় এবং গরুটি উদ্ধার করা হয়।
আটক মাসুদ উপজেলার যাতাহারা বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
