সম্প্রতি সোনারপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন এক ভুয়ো ডাক্তার। কয়েকদিনের ব্যবধানে এবার ভুয়ো ডাক্তারদের হদিশ মিলল বারুইপুরে। নিজেকে রেজিস্ট্রার্ড চর্মরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার চালাচ্ছিলেন তিনি। প্রেসক্রিপশনে লিখতেন এমবিবিএস, এমডি। তাঁর কাছে চিকিৎসার পর এক রোগী অসুস্থ হয়ে পড়তেই বিপত্তি। পুলিশের জালে ওই ভুয়ো চিকিৎসক।
জানা গিয়েছে, ধৃতের নাম রুল আমিন খান। এলাকাবাসীর কাছে তিনি চর্মরোগ বিশেষজ্ঞ। নিজেকে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসক বলে পরিচয় দিতেন তিনি। বারুইপুরে দীর্ঘদিন ধরেই চেম্বার করতেন তিনি। এলাকার বহুমানুষ তাঁকে ভরসা করে চিকিৎসাও করাতেন। সম্প্রতি বারুইপুর বেতবেড়িয়া রামকৃষ্ণপল্লির বাসিন্দা রিপন হাওলাদার তাঁর এক পরিচিতকে নিয়ে ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। অভিযোগ, তারপরই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী। এতেই সন্দেহ দানা বাঁধে।
রোগীর পরিচতরা ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে যোগাযোগ করেন। তাতেই জানা যায়, ওই হাসপাতালের সঙ্গে কোনও যোগ নেই অভিযুক্ত চিকিৎসকের। এরপরই বারুইপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রুল আমিন খানকে। উল্লেখ্য, সম্প্রতি সোনারপুর থেকে বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হব। তিনি নিজেকে ক্যানসার বিশেষজ্ঞ বা অনকোলজিস্ট (Oncologist) বলে পরিচয় দিতেন। তাঁর প্রেসক্রিপশন প্যাডে এমবিবিএস এবং এফআরসিএস এর মতো বড় বড় ভুয়ো ডিগ্রি লেখা থাকত।
