দেশের অন্যতম আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এবার বসছে মেলার ১৪তম আসর।
‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্যে এবারের মেলায় পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এতে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।
আয়োজকেরা জানান, এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেবে।
মেলায় থাকবে ২০০টির বেশি বুথ ও স্টল। এতে অংশ নেবেন ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা এবং ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থী। এ ছাড়া মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে। মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফ বলেন, ‘গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে বিটুবি নেটওয়ার্কিং ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস এয়ারলাইনস পার্টনার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট প্লাটিনাম হসপিটালিটি পার্টনার এবং সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। মেলার অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, এম৩৬০আইসিটি, কনভয় সার্ভিস, মায়েস্ট্রো, প্যানোরমা পিসি ক্রিয়েটরস ও রুচি।
আয়োজকদের মতে, বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং বৈশ্বিক পর্যটনশিল্পের অংশীজনদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এমএম/
