সারের ডিলার নিয়োগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
সোমবার (২৬ অক্টোবর) জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারের ডিলার নিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে এসব কথা বলছেন। জয়পুরহাট জেলায় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটেছে কি না, তা আমার জানা নেই। তবে এমন কিছু ঘটে থাকলে জেলা প্রশাসক ও সারের মনিটরিং কমিটি রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে সঠিক জবাব দেবেন।’
এর আগে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে জয়পুরহাট শহরের যানজট নিরসন, জিরো পয়েন্ট এলাকায় গোলচত্বর নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।
এমএস/
