ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রোববার (২২ নভেম্বর) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে ঘটনাটি জানাজানি হয়। পরে বাড়িটির সামনে ভিড় করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিরিশগুড়ি গ্রামের বাসিন্দা আলী হোসেন সিকদারের বাড়ির মূল ফটকের পূর্ব পাশে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। ধানের খড় দিয়ে মানুষের আদলে তৈরি পুতুলটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। এর চারপাশে ময়দা দিয়ে একটি বৃত্ত এঁকে চার ভাগে ভাগ করা হয়। বৃত্তের ভেতরে রাখা হয় গোলাপজল, মোম, আগরবাতি ও সিঁদুর। পুতুলটির শরীরে ১৪টি বেলকাটা গোঁজা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বাড়ির মালিক আলী হোসেন সিকদার বলেন, শনিবার রাত ৯টার দিকে বাড়ির মূল ফটকে তালা লাগানো হয়। পরে বাড়িতে আসা মেহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন তারা। রোববার ফজরের নামাজের পর হাঁটতে বের হওয়ার জন্য বাড়ির গেট খুলতেই তার চোখে পড়ে অস্বাভাবিক দৃশ্যটি। পরে খবর ছড়িয়ে পড়লে গ্রামের অনেক মানুষ বাড়ির সামনে জড়ো হন।
আলী হোসেন বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব রেখে গেছে, তা বুঝতে পারছি না।’
প্রত্যক্ষদর্শী আনোয়ার মোল্লা বলেন, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ময়দা দিয়ে তৈরি বৃত্তের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো খড়ের পুতুল দেখতে পান। বৃত্তটি চার ভাগে বিভক্ত ছিল। পুতুলটির শরীরে ১৪টি বেলকাটা গোঁজা ছিল বলেও জানান তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। শিরিশগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, এমন দৃশ্য আগে কখনো দেখেনি সে। পুতুলটি দেখে ভয় পেয়েছে। তার কয়েকজন বন্ধুও ঘটনাটি দেখতে এসেছে।
শিরিশগুড়ি হিন্দুপাড়া এলাকার এক নারী স্থানীয় লোকবিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, খড়ের পুতুলে সিঁদুর ও বেলকাটা ব্যবহারের ঘটনাকে অনেকে শত্রুতাবশত তন্ত্র-মন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ ধরনের ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিস্মিত হয়েছেন। এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।
কে বা কারা রাতের আঁধারে এসব সামগ্রী রেখে গেছে, এর পেছনে ব্যক্তিগত বিরোধ, কাউকে ভয় দেখানোর চেষ্টা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে।
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
