খুলনার বটিয়াঘাটায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে গুলিবিদ্ধ হয়েছেন ওহেদুল ইসলাম বাদল হাওলাদার। এর আগে আমিরপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল পারভেজ গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের যুবদল নেতা সোহেল পারভেজকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে বাদল হাওলাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেলটি ফেলে ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাদল হাওলাদারের বুকে ও কোমরে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছিল।
পরপর গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তবে হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।
The post বটিয়াঘাটায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি নেতাকে গুলি appeared first on ভোরের চেতনা.
