কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোদেজা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর ) উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দণ্ড এড়াতে তিনি প্রায় তিন বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খোদেজা বেগম উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার দুলাল মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক মো. নূর আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
