আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করতে চলেছে দিল্লি সরকার। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লির বাইরের কোনও গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারবে না।
তবে সব গাড়ি নয়, BS6 এমিশন স্ট্যান্ডার্ডের নিচের স্তরের সেই গাড়িগুলির প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদের ১০ লক্ষেরও বেশি গাড়ি নিষিদ্ধ হতে পারে বলে অনুমান করছে পরিবহণ দপ্তর।
ফলে প্রতিদিন দিল্লিতে যাতায়াত করেন, এমন বহু গাড়ির মালিক সমস্যায় পড়তে পারেন। পরিবহণ দপ্তরের হিসাব অনুযায়ী, গুরুগ্রাম ও ফরিদাবাদ মিলিয়ে প্রায় দু’লক্ষ গাড়ি BS6 এমিশন স্ট্যান্ডার্ডের নিচের স্তরের।
এর মধ্যে প্রায় ৭০ শতাংশ গাড়ি BS3 ও BS4 শ্রেণির। পাশাপাশি, হরিয়ানার এই দুই জেলায় প্রায় ৫০ হাজার বাণিজ্যিক গাড়িও BS6 এমিশন স্ট্যান্ডার্ডের নিচের স্তরের নিচে রয়েছে বলে অনুমান।
অন্যদিকে, নয়ডা ও গ্রেটার নয়ডায় BS6 এমিশন স্ট্যান্ডার্ড পূরণ করে না, এমন গাড়ির সংখ্যা ৪ লক্ষেরও বেশি। এর মধ্যে অর্ধেকের বেশি BS4 শ্রেণির গাড়ি। এই গাড়িগুলির অধিকাংশই পেট্রলচালিত।
গাজিয়াবাদেও প্রায় ৪ লক্ষ গাড়ি BS6 এমিশন স্ট্যান্ডার্ডের পূরণ করে না বলে জানিয়েছে পরিবহণ দপ্তরের এক আধিকারিক। নতুন বিধিনিষেধ কার্যকর করতে রাজধানী জুড়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করতে বিভিন্ন সীমান্তে চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যবহার করা হচ্ছে অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরার সাহায্যে দিল্লিতে প্রবেশ করা গাড়িগুলিকে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদের দিক থেকে BS6 এমিশন স্ট্যান্ডার্ড পূরণ না করা গাড়ির প্রবেশ আটকাতে বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া চেকিং চালানো হবে।
বিধিনিষেধ কার্যকর করতে পরিবহণ দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের তরফে প্রায় ৩০০ কর্মী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। ভারতে গাড়ির ধোঁয়া থেকে নির্গত দূষণ নিয়ন্ত্রণে এর আগেও একাধিক বিধিনিষেধ চালু হয়েছে।
২০০০ সালে প্রথম আনুষ্ঠানিক এমিশন স্ট্যান্ডার্ড ‘ইন্ডিয়া ২০০০’ চালু হয়। এরপর BS2, BS3 ও BS4 পেরিয়ে দেশ BS6 এমিশন স্ট্যান্ডার্ডে পৌঁছেছে। তবে এই নিষেধাজ্ঞা মূলত দিল্লির বাইরে নথিভুক্ত এবং BS6 এমিশন স্ট্যান্ডার্ড পূরণ করে না, এমন গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য।
https://youtu.be/JwFdq_tA9cE?si=5lo1nxZF9yrsmUn6
বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়িকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হবে বলে জানানো হয়েছে। শীতের মরশুমে দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হওয়ার আশঙ্কা থাকে।
সেই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে বিধিনিষেধ কার্যকর হলে নিয়মিত রাজধানীতে যাতায়াত করা এনসিআরের বহু গাড়িকে বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে।
