মাইক্রোসফটে স্বেচ্ছা অবসরের প্রস্তাব, আওতায় ৬০ হাজার কর্মী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২৭ শতাংশ এই প্রস্তাবের আওতায় আসতে পারেন।
তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড।
সোমবার (২৬ অক্টোবর) মাইক্রোসফট জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু দলের ভাইস প্রেসিডেন্ট এবং তার নিচের পদমর্যাদার কর্মীরা এ সুবিধা পাবেন। তবে ডেটা সেন্টার, বিক্রয় ও বিপণন বিভাগের কিছু কর্মী এই প্রস্তাবের বাইরে থাকবেন।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান এক বার্তায় বলেন, কর্মীদের জন্য আরও নমনীয়তা তৈরি করা এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ানো এই উদ্যোগের লক্ষ্য।
চলতি বছরে দ্বিতীয়বারের মতো কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মাইক্রোসফট। এর আগে এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির প্রায় ৭ শতাংশ কর্মীকে আগাম অবসরের সুযোগ দেওয়া হয়েছিল। সিএনবিসির তথ্য অনুযায়ী, ওই প্রস্তাবের আওতাভুক্ত কর্মীদের প্রায় ৩০ শতাংশ এতে সম্মতি দেন।
নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে মাইক্রোসফটের বিশ্বজুড়ে কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। চলতি বছরের জুনের শেষে তা কমে দাঁড়ায় ২ লাখ ২৩ হাজারে।
এদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটির।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
