সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ হিজলদী, কাকডাঙ্গা ও গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, হিজলদী বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১৪ নম্বর আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। একই সীমান্ত পিলারের ৫ নম্বর আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে গেড়াখালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে কাকডাঙ্গা বিওপির দল।
অন্যদিকে, গাজীপুর বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকা থেকে রিপন হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মিলিগ্রাম) ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রিপন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
বিজিবির হিসাবে, তিনটি অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
