মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মার্জিনা আক্তার।
সভায় মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The post কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা appeared first on ভোরের চেতনা.
