নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে আট বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ২, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। এ সময় আট বছর বয়সী এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিশুটির নাম রাকিব (৮)। তার বাবার নাম আজহারুল এবং মায়ের নাম ফাতেমা। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকায়।
নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই নুরুল আলম আশেক।
হাসপাতালে নেওয়া আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফাতেমা (৪০), আজহারুল (৪২) ও আবুল হোসেন (৫০)। তাঁদের সবার বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়।
