স্টাফ রিপোর্টার: বিগত ৯ মাসে সিলেট-৩ আসনের বিএনপি নেতাকর্মীরা কারো উপর জুলুম বা হামলা করেনি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক।
তিনি বলেন, এই সময়ে একজন আওয়ামী লীগারের বাড়িতে কোনোধরণের হামলা হয়নি। অতীতে বিএনপি নির্যাতিত হলেও, আমরা সবার সাথে সুসম্পর্ক রক্ষা করেছি। বিগত ৯ মাস প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে।
নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলা নিয়ে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন। দক্ষিণ সুরমার তেতলিতে নিজ বাড়িতেই এ সংবাদ সম্মেলন করেন এমএ মালিক। এরআগে শনিবার ভোরে তার বাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ার ঘটনা ঘটে।
নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এম এ মালিক। তিনি অভিযোগ করেন, ভারত থেকে ‘বুবুজান’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মালিক বলেন, আগেই গোয়েন্দারা সতর্ক করেছিলো। এজন্য বাড়িতে ফায়ার এস্টিংগুইশার রেখেছি। সেকারণে আমার বাড়ি রক্ষা পেয়েছে। আমরা দ্রুত আগুন নেভাতে পেরেছি। না হয়ে পুরো বাড়ি আগুনে পুড়ে যেতো।
তিনি বলেন, গতকাল (শনিবার) বিএনপির প্রতিটি ইউনিট শান্তিপূর্ণ মিছিল, দোয়া মাহফিলের নির্দেশনা ছিলো। মোল্লারগাও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি ও মোটরসাইকেলে আগুন দিয়েছে। তারা মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাস করেছে। আওয়ামী লীগের এক সমর্থক আমাকে জানিয়েছে, হাবিবের বাড়িতে তারা নিজেরা আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছে।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা নিজেরাই সাবেক এমপি হাবিবের বাড়িতে আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছে।
