মৌলভীবাজারে জলমহাল দখলের অভিযোগ, পাকা ঘর নির্মাণ
মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও মৌজার চালতাবিল (বন্ধ) জলমহালের ইজারা নেওয়া জায়গায় পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসানোর অভিযোগ উঠেছে ফজলত আলী বনসহ কয়েকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলমহালের একাংশে পাকা ঘর নির্মাণ করে সেখানে লোকজনকে পাহারায় রাখা হয়েছে।
মাসকান্দি জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল হক জাহাঙ্গীর, সহসভাপতি জমসেদ মিয়া ও সাধারণ সম্পাদক সুফল মিয়ার অভিযোগ, নবায়নকৃত বন্দোবস্তের আওতায় জলমহালটি পরিচালনা করছেন তাঁরা। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা সেখানে বাধা সৃষ্টি করছেন এবং জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সমিতির নেতারা জানান, বীরগাঁও মৌজার ৩২ দশমিক ২০ একর আয়তনের জলমহালটি তাঁরা বন্দোবস্ত নিয়ে পরিচালনা করছেন। এ ঘটনায় তাঁরা মৌলভীবাজার সদর সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, ফজলত আলী বনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নজুড়ে বিস্তৃত চালতা হাওর শত শত কৃষক, গবাদিপশু, ঘাস সংগ্রহকারী ও হাঁস পালনকারীর জীবিকার উৎস। আশ্বিন-কার্তিক মাসে পানি নিষ্কাশনের কারণে বোরো চাষে পানির সংকট দেখা দেয়। পাশাপাশি হাওরনির্ভর সাধারণ মানুষ দুর্ব্যবহারের শিকার হচ্ছেন বলেও তাঁরা দাবি করেন।
জলমহালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।
