মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে ফোনগুলো তুলে দেন।
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।
জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, হারানো সম্পদ উদ্ধার এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনমুখী পুলিশি সেবা জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
