হবিগঞ্জের লাখাইয়ে বাবা-মাকে হারিয়ে ভিক্ষাবৃত্তিতে দিন কাটছে তিন বোনের, পাশে দাঁড়ানোর আকুতি
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এক মানবেতর ও হৃদয়বিদারক মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। বাবা-মাকে চিরতরে হারিয়ে চরম অসহায়ত্ব ও মানবেতর জীবনযাপন করছে তিন বোন। তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই, বেঁচে থাকার তাগিদে প্রতিদিন তাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিবারটির পাঁচ বোনের মধ্যে বড় দুজনের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। তাদের মধ্যে একজনের সংসার রয়েছে ঢাকায় এবং অন্যজন থাকেন কুষ্টিয়া-মেহেরপুর এলাকায়। তবে বাকি তিন বোনকে নিয়ে তৈরি হয়েছে এক গভীর সংকটময় পরিস্থিতি। প্রায় তিন বছর আগে তাদের বাবা শহিদ মিয়া শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর শোক ও চরম দারিদ্র্যের সাথে লড়াই করে কোনোমতে সংসার চালিয়েছিলেন মা। কিন্তু গত প্রায় তিন মাস আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মা-ও না ফেরার দেশে চলে যান। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই তিন বোনের জীবনে নেমে আসে ঘোর অমানিশা।
হতদরিদ্র এই পরিবারটির নিজস্ব কোনো জমিজমা বা বাড়িঘর নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অত্যন্ত মানবেতরভাবে দিন কাটাচ্ছে তারা। তাদের বর্তমান একমাত্র অভিভাবক ও ভরসা বলতে রয়েছেন একজন অসুস্থ নানী, যাঁর কোমর ভেঙে গেছে এবং যিনি বিছানাসদ্রিষ অবস্থায় দিন কাটাচ্ছেন। সংসারে তাঁর দেখভালের মতো আর কেউ নেই। উল্টো তিন অবুঝ নাতনী সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায়, তা দিয়েই নিজেদের পেটের ক্ষুধা মেটানোর পাশাপাশি অসুস্থ নানীর ওষুধ ও ভরণপোষণ চালিয়ে যাচ্ছে। বয়সের এই পর্যায়ে পড়াশোনা বা শৈশব উপভোগ করার কথা থাকলেও পেটের টানে তাদের বেছে নিতে হয়েছে এই নির্মম পথ।
বাবা-মা হারা এই তিন বোন ও তাদের অসুস্থ নানীর এমন মর্মান্তিক পরিস্থিতি দেখে এলাকার সচেতন ও মানবিক মানুষগুলোর হৃদয় কেঁদে উঠেছে। সমাজের অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ব্যক্তি, দানশীল সমাজসেবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর প্রতি জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
একটু সহানুভূতি ও সামান্য সহায়তা এই তিন বোনের অন্ধকার জীবনে ফিরিয়ে দিতে পারে নতুন কোনো আশার আলো। অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে ধুঁকতে থাকা এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
সহায়তা পাঠাতে বা যোগাযোগ করতে চাইলে ০৭১৭১৩৫০৮৭৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। পরিবারটির নিজস্ব কোনো মোবাইল ফোন না থাকায় এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিন, অসহায় তিন বোন ও তাঁদের অসুস্থ নানীর মুখে একটুখানি হাসি ফোটাতে সবাই সহযোগিতার করুন সুরে এগিয়ে আসুন।
The post হবিগঞ্জের লাখাইয়ে বাবা-মাকে হারিয়ে ভিক্ষাবৃত্তিতে দিন কাটছে তিন বোনের, পাশে দাঁড়ানোর আকুতি appeared first on Rising Cumilla.
