আজকাল ওয়েবডেস্ক: মনবীর সিংয়ের গোলে চেন্নাইয়িনকে হারালেও মোহনবাগানের গ্রিক কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস বলছেন, যত দ্রুত সম্ভব আজকের খেলা ভুলে যেতে হবে। জয় এসেছে, কিন্তু দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো, বলের দখল ধরে রাখতে না পারা এবং একের পর এক অপ্রয়োজনীয় ভুল, ম্যাচ শেষে এই সমস্যাগুলোর কথাই উঠে এল সবুজ-মেরুন কোচের কথায়। তাঁর মতে, ৪-৪-২-এর বদলে ৪-২-৩-১ ফরমেশনে দলকে বেশি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। তবে ফরমেশন বদলালেই সমস্যার সমাধান হবে না, ভুল কমাতে হবে দ্রুত।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের বল দখলের খেলা সামলাতে পারেনি মোহনবাগান। বিশেষ করে মাঝমাঠে তালাল ও নিকোলার প্রভাব আটকাতে সমস্যায় পড়ে দল। ফরমেশনে পরিবর্তন এনেও পুরোপুরি পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে সাহাল মাঠে নামার পর অবশ্য কিছুটা ভারসাম্য ফেরে। ভারতীয় ফুটবলারদের উপর নিজের আস্থার কথা জানিয়ে দিলেমপেরিস বলেন, সাহাল মাঠে নেমে খেলার চেহারা বদলাতে পারবে বলেই তাঁর বিশ্বাস ছিল।
তবে কোচের উদ্বেগের কেন্দ্রে অপ্রয়োজনীয় ভুল। বল পায়ে থাকা সত্ত্বেও কোনও চাপ ছাড়াই পজেশন হারানো এবং বল জেতার পর সামনে খেলার পরিবর্তে পিছনে পাস দেওয়ার প্রবণতা নিয়ে সরব তিনি। এই সমস্যা নিয়ে দু’দিন আগেও আলোচনা হয়েছে বলে জানান দিলেমপেরিস। তাঁর বক্তব্য, বলের দখল ফিরে পাওয়ার পর দ্রুত আক্রমণে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে পাস দেওয়ায় দলের ট্রানজিশন গেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে।
আক্রমণের ধরন নিয়েও অসন্তুষ্ট মোহনবাগান কোচ। তাঁর মতে, বারবার দুই প্রান্ত দিয়ে আক্রমণ করে ক্রসের উপর নির্ভর করায় দলের খেলা প্রতিপক্ষের কাছে অনুমানযোগ্য হয়ে উঠছে। মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা আরও বাড়াতে হবে।
পরিবর্ত খেলোয়াড় হিসেবে লিস্টন কোলাসো ও শুভাশিস বোসকে নামানোর সিদ্ধান্তের কৃতিত্বও নিজের কাঁধে নিয়েছেন দিলেমপেরিস। তাঁর মতে, এই পরিবর্তনে দল ভারসাম্য ফিরে পেয়েছে এবং গোলের সুযোগ তৈরি হয়েছে। তবে দলের সমস্যার দায়ও এড়িয়ে যাননি তিনি। তাঁর বক্তব্য, খেলা পরিকল্পনামতো না চললে কোচকে নতুন কৌশল প্রয়োগ করতেই হয়। ডাগআউটে বসে পরিস্থিতি দেখার বদলে খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করাই তাঁর কাজ।
জয় এলেও তাই আত্মতুষ্টির জায়গা নেই মোহনবাগান শিবিরে। অপ্রয়োজনীয় ভুল কমানো, মাঝমাঠের নিয়ন্ত্রণ ফেরানো এবং আক্রমণে বৈচিত্র্য আনার উপরেই এখন জোর দিতে চান দিলেমপেরিস। পরের ম্যাচের প্রস্তুতিতে নামার আগে তাঁর স্পষ্ট বার্তা, এই ম্যাচ দ্রুত ভুলে গিয়ে সামনে তাকাতে হবে।
