Published : 27 Oct 2026, 05:50 PM
Updated : 27 Oct 2026, 05:50 PM
মানুষের মনের মধ্যে অনেক কথাই জমা থাকে, যা হয়ত মুখ ফুটে সহজে বলা হয়ে ওঠে না। সেই না-বলা অনুভূতি ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আহা জীবন’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
এই নাটকে জুটি বেঁধেছেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ। বিশেষ দুইটি চরিত্রে রয়েছেন দুই বর্ষীয়ান অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর।
প্রযোজক জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি শিগগিরই ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক চয়নিকা।
সম্প্রতি নাটকের শুটিং শেষ হয়েছে।
পরিচালক চয়নিকা বলেন, "আমাদের প্রতিদিনের জীবনে কত কিছু ঘটে, কিন্তু সব কথা সহজে কাছের মানুষদের বলা হয়ে ওঠে না। এটি তেমনই এক পরিবারের গল্প। দর্শকরা এখানে নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি খুঁজে পাবেন বলে আশা করছি।"
নাটকটির আবেগঘন কিছু দৃশ্য ছুঁয়ে গেছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকেও। সে গল্পে তিনি বলেন, "এটি একটি নিরেট পারিবারিক গল্পের নাটক। চিত্রনাট্যের বিশেষ কিছু দৃশ্য ছিল, যা করার সময় আমি নিজেও ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।"
এদিকে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নিয়মিতই অভিনয় করে আসছেন আবুল হায়াত ও ডলি জহুর। চয়নিকার বলেন, তার পরিচালনায় আবুল হায়াত প্রায় আড়াইশ এবং ডলি জহুর দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন।
জ্যেষ্ঠ এই দুই শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চয়নিকা বলেন, "এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত কাজ করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। পর্দায় আবুল হায়াত ও ডলি জহুরের উপস্থিতি মানেই দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যাওয়া।"
অভিনেতা আবুল হায়াত বলেন, "চয়নিকা অভিজ্ঞ পরিচালক, তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিনের কাজের চমৎকার বোঝাপড়া রয়েছে। 'আহা জীবন' নাটকের গল্পটি বেশ সুন্দর, আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে।"
