ব্যয় কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি এই প্রস্তাবের আওতায় আসতে পারেন।
স্থানীয় সময় সোমবার (২৬ অক্টােবর) মাইক্রোসফট এ কর্মসূচির কথা জানায়। কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পর্যায়ের কর্মীরা এতে অংশ নিতে পারবেন। এআই, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স ও উইন্ডোজ বিভাগের যোগ্য কর্মীরাও প্রস্তাবটি পাবেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এর বাইরে থাকবেন। খবর রয়টার্সের।
কোম্পানিটির প্রধান জনবল কর্মকর্তা অ্যামি কোলম্যান এক অভ্যন্তরীণ বার্তায় বলেন, যেসব কর্মী প্রতিষ্ঠান ছাড়ার কথা ভাবছেন, তাদের জন্য এটি সহায়তাসহ নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে পরিবর্তিত চাহিদা অনুযায়ী কর্মী ব্যবস্থাপনায়ও সহায়তা করবে।
এআই অবকাঠামো, ডাটা সেন্টার ও চিপে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ২০২৬ সালে মাইক্রোসফটের মূলধনি ব্যয় ১৭৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটে বিশ্বজুড়ে পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার। এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার আরেকটি কর্মসূচি চালু করেছিল প্রতিষ্ঠানটি। জুলাইয়ে এক্সবক্স বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ পদ কমানোর ঘোষণাও দেয় মাইক্রোসফট।
