গ্রামীণ ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং মোবাইল সেবার মান উন্নয়নের সম্ভাবনা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরাঞ্চলে ভবনের ভেতরে মোবাইল সংযোগের মান উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।
সোমবার (২৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ং (Mao Junyong), চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও (Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী ও প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন (Zhu Xiubin) উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুলনামূলক কম ফ্রিকোয়েন্সির হওয়ায় এ ব্যান্ডের রেডিও সিগন্যাল বেশি দূরত্বে পৌঁছাতে পারে এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়তা করে।
এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ সম্প্রসারণ, গ্রাহকদের সেবার মান বৃদ্ধি এবং ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক সাশ্রয়ী ও মানসম্মত টেলিযোগাযোগসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

