চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে একটি ছোট প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ, উন্নয়ন সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।
চার দিনের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
The post জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on ভোরের চেতনা.
