প্রকাশিত: ১৭:২৭, ২৬ অক্টোবর ২০২৬
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নছিমন উল্টে আতিকুর রহমান (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার রূপপুর ট্রাফিক মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদী গ্রামের মোবারক হোসেনের ছেলে।
আহত দুজন হলেন ঈশ্বরদীর খামার কোদালিয়া এলাকার নুরুজ্জামানের ছেলে সেলিম হোসেন (৪২) এবং চক আল্লাদী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দীন (৪২)।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মাছ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আতিকুর রহমান। পথে রূপপুর ট্রাফিক মোড় এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে নাটোরগামী কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা আতিকুর রহমানসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম ও নাসিম উদ্দীনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
এসআই আবুল কালাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
