ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে।
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবারও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আইয়ুব আলী জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পরে কোনাবাড়ি স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সারাবো স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় এর আগেও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পকারখানা ও গুদামঘন এলাকায় বারবার আগুন লাগার ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
