বাংলাদেশের পেশাদার গলফের প্রচার ও প্রসারে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে চুক্তি করেছে গলফ মিডিয়া। আজ আর্মি গলফ ক্লাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দেশের গলফ আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গলফের পরিচিতি বাড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী, গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তিতে বিপিজিএর পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং গলফ মিডিয়ার পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক।
বাংলাদেশের গলফকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় জানিয়ে বিপিজিএর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস বলেন, ‘বাংলাদেশের গলফকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। গলফের উন্নয়নে ভূমিকা রেখে যেতে চাই। এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে প্রচার মাধ্যমের। যত প্রচার হবে তত বেশি উন্নয়ন হবে। সে লক্ষ্যেই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। তারা গলফের প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে। এটা আমাদের জন্য একটা বিশেষ দিন।’
গলফের উন্নয়নে প্রচারের গুরুত্ব তুলে ধরে গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক বলেন, ‘প্রচারেই প্রসার। গলফের উন্নয়নের জন্য প্রচারের বিকল্প নেই। আমরা বাংলাদেশের গলফের উন্নয়নের ব্রত মাথায় নিয়েই কাজ করে যাচ্ছি। পেশাদার গলফের আতুরঘর বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রচারের কাজটা আমাদের কাছে সহজ হয়ে গেল। বিপিজিএ-এর সঙ্গে গলফ মিডিয়া যুক্ত হওয়ায় বাংলাদেশের গলফ যেন কয়েক ধাপ এগিয়ে গেল।’
এই চুক্তিকে বাংলাদেশের গলফের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিপিজিএর সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরীও। তিনি বলেন, ‘আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। গলফ মিডিয়া অনেক দিন থেকেই গলফের প্রচারে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আসছে। তাদের মাধ্যমে দেশবাসী এমনকি বিদেশ থেকেও বাংলাদেশর গলফ সম্পর্কে জানছে মানুষ। সে জন্যই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। আশা করছি, একসঙ্গে কাজ করে বাংলাদেশের গলফকে আমরা অনেক ভালো কিছু উপহার দিতে পারবো।’
এদিকে একই দিনে আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন ২০২৬। প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার খেলে শীর্ষস্থান দখল করেছেন আকবর হোসেন। ৫-আন্ডার-পার স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাদল হোসেন। ৩-আন্ডার-পার খেলে তৃতীয় স্থানে আছেন জামাল হোসেন।
বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান প্রথম রাউন্ডে খেলেছেন ২-আন্ডার-পার। একই স্কোর নিয়ে তার সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন সজীব আলী ও মো. রাজু।চার রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন আকবর হোসেন।
