Published on
:
1 min read
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি পডকাস্ট ভিডিয়ো নিয়ে বিতর্ক। ভিডিয়োকে ‘মিথ্যা’, ‘মানহানিকর’ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্তের নির্দেশ, ওই ভিডিয়ো অবিলম্বে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে।
হাইকোর্ট জানিয়েছে, ওই ভিডিয়ো যে ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এবং যে চ্যানেলে তা শেয়ার করা হয়েছে, সেখান থেকেও ভিডিয়োটি সরাতে হবে। একই সঙ্গে এই বিষয়ে উভয়পক্ষকেই হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারীদের তরফে বলা হয়েছে, ‘Bcubed (Breaking Boundaries with Sabeer Bhatia)’ নামে এক ইউটিউব চ্যানেল থেকে ভিডিয়োটি তৈরি করা হয়েছিল। সেই ভিডিয়োর শিরোনাম ছিল ‘মোদী ও আদানি কী ভাবে ভারতকে লুঠ করেছেন!’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘এক্স’ হ্যান্ডলেও তা শেয়ার করা হয়েছিল।
মামলাকারীদের তরফে জানানো হয়েছে, এই পডকাস্টে যে দাবিগুলি করা হয়েছে, তা অসত্য ও ভিত্তিহীন। নির্দিষ্ট ওই ইউটিউব চ্যানেল ছাড়াও দেশের একাধিক চ্যানেলে ভিডিয়ো বা ভিডিয়োর একাংশ আপলোড করা হয়েছে। এমনকী, বাংলাদেশের একটি চ্যানেলেও এই ভিডিয়ো আপলোড করা হয়। এতে ওই কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে বলেও দাবি করা হয়েছে
