গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা কারখানার বাইরে এসে মহাসড়কে অবস্থান নেন এবং বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা স্থানীয় 'সাদমা টেক্সটাইল' নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন দখল করে অবরোধ সৃষ্টি করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাদমা টেক্সটাইল মিলের শ্রমিক মো. সুজন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জন বহিরাগত শ্রমিক কারখানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। এরপর তাঁরা অন্যান্য শ্রমিকদের কাজ বন্ধ করে মহাসড়কের আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাপ দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শিল্প পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। এ ছাড়া দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কারখানা মালিকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।
জেএইচআর
