ভোলার তজুমদ্দিনে ইউপি চেয়ারম্যান পদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য শাহীন সাজির গণসংযোগ
ভোলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শাহজী পরিবারের সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো: শাহীন শাহজি সোনাপুর ইউনিয়নের জনগণের দ্বারে দ্বারে জনসেবার বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
রবিবার সকালে ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এই গণসংযোগ কর্মসূচির সূচনা ঘটে। শোভাযাত্রাটি সোনাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে।
সোনাপুর থেকে রাজধানীতে প্রতিষ্ঠিত প্রতিশ্রুতিশীল এই রাজনীতিবিদ শুধু শোভাযাত্রায় সীমাবদ্ধ না থেকে বাইক থেকে নেমে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের খোঁজ নেন। তাঁর কুশল বিনিময়ের সাবলীল ভঙ্গি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দীর্ঘ সতেরো বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া একসময়ের তুখোড় এই ছাত্রদল নেতা সততা ও নিষ্ঠার সাথে সোনাপুরের দুখী মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দলের প্রতি তাঁর এই অসামান্য ত্যাগের কথা স্মরণ করে গণসংযোগকালে সমর্থকেরা সোচ্চার কণ্ঠে শ্লোগান দেন— “দুর্দিনের শাহীন ভাই, আমরা তোমায় ভুলিনাই।”
তৃণমূলের দলীয় কর্মী ও এলাকাবাসীর প্রত্যাশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রার্থীর যোগ্যতা ও ত্যাগ বিবেচনায় নিয়ে শাহীন শাহজিকেই চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহীন শাহজি জানান, সোনাপুর একটি জেলে অধ্যুষিত অঞ্চল। নির্বাচিত হলে তিনি জেলেদের দীর্ঘদিনের বঞ্চিত অধিকার প্রতিষ্ঠা করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চরবাসীর সামগ্রিক পরিবর্তন আনবেন। এছাড়া যাতায়াত ব্যবস্থার ওপর ভর করা দীর্ঘদিনের ট্রলার ও নৌ-সিন্ডিকেট উচ্ছেদ করে ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি।
