প্রকাশিত: ২২:৪৫, ২৬ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৪৭, ২৬ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাজেকে চলমান সংকট নিরসন, শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে আন্দোলনকারীদের দেওয়া পাঁচ দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বাকি একটি দাবির বিষয়েও শিগগির সমঝোতা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে কয়েক ঘণ্টা ধরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজোবাজারে অবরোধকারী দুই সংগঠনের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। চলমান উত্তেজনা নিরসন এবং সাজেকের সংকট সমাধানের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
এর আগে গত কয়েক দিন ধরে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বাঘাইছড়িতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠকেও সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
বৈঠক শেষে রাত সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করা হয়। আলোচনা ফলফসূ হয়েছে, এ দাবি করে প্রেস ব্রিফিংয়ে দীপেন দেওয়ান বলেছেন, শিগগির সুসংবাদ দিতে পারব।
তবে, দুই সংসদ সদস্যের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হলেও সড়কে অচলাবস্থা কাটেনি। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড় আন্দোলনকারীরা। বৈঠক থেকে ফিরে সোমবার রাতে ফেসবুক লাইভে এসে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। একইসঙ্গে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন তিনি।
