Published on
:
2 min read
তারকাদের ট্রোলিংয়ের ঘটনা একেবারেই নতুন নয়। কারণে-অকারণে শিরোনামে উঠে আসেন তাঁরা। সেই তালিকায় এ বার রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। যাঁদের একটি সাক্ষাৎকারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। ছড়িয়ে পড়েছে নানা মিমও। কেউ বলেছেন, প্রেমে অন্ধ হয়েছেন রশ্মিকা। কারও মতে আবার, এতটাও কাউকে ভালোবাসা উচিত নয়। এ বার বিতর্কে মুখ খুললেন দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রশ্মিকা লিখেছেন, ‘গভীর ভাবে যাঁরা ভালোবাসতে জানেন, চিরকাল তিক্ততায় ডুবে থাকতে চান, সোশ্যাল মিডিয়ায় আমার প্রিয় মানুষ বিজ্জুকে নিয়ে চলতে থাকা নানা মন্তব্য নিয়ে কিছু কথা। মত প্রকাশ করার অধিকার সকলেরই আছে। তবে কিছু কিছু সময়ে অন্যের মন্তব্য পড়তেও খুব ভালোলাগে। একটা সাক্ষাৎকারের পরে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে মানুষ কাউকে টার্গেট করে নিজেদের ক্ষোভ উগরে দিতে চাইছে।’
এই কথাগুলো তিনি সেই সব মানুষদের উদ্দেশে লিখেছেন যাঁরা ভালোবাসায় বিশ্বাস করেন। রশ্মিকার কথায়, ‘আমি চাই, সকলে যেন নিজের মতো করে তাঁর ভালোবাসার মানুষকে খুঁজে পান। আমাদের প্রোফাইলে যত কমেন্ট এসেছে, তার কোনও প্রয়োজনই ছিল না।’
তাঁদের উপর হওয়া আক্রমণ দেখে খানিক বিস্মিত রশ্মিকা। তবে পুরো বিষয়টা নিয়েও ভেবেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, বিষয়টির সূত্রপাত, করণ জোহারের ‘কফি উইথ করণ’-এ বিজয়কে একশো বার প্রেম প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছিলেন রশ্মিকা। সেই সময়ে সিদ্ধান্ত নিয়ে অনেকটা সময় নিয়েছিলেন বিজয়।
রশ্মিকা বলেন, ‘আসলে আমি ঠিক কী চাই, নিজেও জানি না। ও বাস্তবের নানা দিক ভেবে নিশ্চিন্ত হয়ে এগোতে চেয়েছিল। এর জন্য ওর প্রতি আমার ভালোবাসার কোনও পরিবর্তন হয়নি। আমাদের কাছে বিয়ে প্রেমপ্রস্তাব দেওয়া, হাঁটু গেড়ে বসা কিংবা আঙুলে আংটি পরানো নয়। আমাদের কাছে বিয়ের অর্থ ছিল একসঙ্গে একটা সুন্দর জীবন গড়ে তোলা। ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর আমার মনে হয়, এখনও পর্যন্ত সেটা খুব সুন্দর ভাবেই করতে পেরেছি।’
রশ্মিকার পোস্টের পরেই মুখ খোলেন বিজয়। তিনি লেখেন, ‘যাঁরা আমাদের নিয়ে এতটা চিন্তিত, তাঁদের সকলকে জানিয়ে রাখি, আমরা ভীষণ সুখী। আমি সত্যিই ভাগ্যবান। যদি পৃথিবীর সবার বিরুদ্ধে গিয়েও আমাকে আর ওকে একসঙ্গে থাকতে হয়, তাই থাকব। যাঁরা ভালোবাসাকে সম্মান করেন এবং সহজ-সরল ভাবে সুখে বেঁচে থাকতে চান, তাঁদের সবাইকে ভালোবাসা।’