ছোটবেলা থেকেই ফ্যাশন ও মডেলিংয়ের প্রতি ভালোবাসা ছিল জুবাইদা জারা ফাল্গুনীর। ফেসবুকে ছবি প্রকাশের মাধ্যমে শুরু হওয়া তাঁর পথচলা এখন নানা ব্র্যান্ড ও আয়োজনে কাজ পর্যন্ত পৌঁছেছে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং সফল নারী উদ্যোক্তা হওয়াই তাঁর লক্ষ্য।
টেলিভিশন ও বিলবোর্ডে মডেলদের ছবি দেখে ছোটবেলা থেকেই নিজেও পরিচিত মুখ হয়ে ওঠার স্বপ্ন দেখতেন জুবাইদা জারা ফাল্গুনী। সময়ের সঙ্গে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন তিনি। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
জুবাইদা ঢাকার মেয়ে। ঢাকাতেই তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা। ছোটবেলা থেকে সাজগোজের প্রতি আগ্রহ থাকলেও মিডিয়ায় কাজ করার পথটি তৈরি হয়েছে ধীরে ধীরে।
নতুন করে ফেসবুক ব্যবহার শুরু করার পর নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। বন্ধু ও অনুসারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে উৎসাহিত হন। পরে বিভিন্ন ফটোগ্রাফার তাঁর সঙ্গে যোগাযোগ করে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। এভাবে ফটোশুটের মাধ্যমে মডেলিংয়ে তাঁর পথচলা শুরু হয়।
পর্যায়ক্রমে বিভিন্ন ফ্যাশন ও বিউটি-সংশ্লিষ্ট আয়োজনে কাজের সুযোগ পান জুবাইদা। আনজারা, জে কে এবং দ্য পার্পল বাই জাজের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬ এবং আন্তর্জাতিক একদিনের মাস্টারক্লাসেও অংশ নিয়েছেন। ফিলিপাইনের হেয়ার এক্সপার্ট ও হেয়ার স্টাইলিস্ট অ্যাঞ্জেলাস হাভিয়ের জাস্টিনিয়ানির মডেল হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিউটি ও ফ্যাশন অঙ্গনেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। তিনি সেলিনা মনের ব্রাইডাল মাস্টারক্লাসে মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া শাহিদা’স বিউটি ওয়ালেটের একটি মেকআপ ওয়ার্কশপে র্যাম্প মডেল এবং বিজিএমইএ টেক্সটাইল ফেস্ট বাংলাদেশে ফ্যাশন শোর মডেল হিসেবে অংশ নিয়েছেন।
মডেলিংয়ের পাশাপাশি নিজের উদ্যোগেও এগিয়ে যাচ্ছেন জুবাইদা। ‘আইজা ফ্যাশন বাই জারা’ নামে তাঁর একটি ক্লথিং ব্যবসা রয়েছে। ভবিষ্যতে নিজের ব্র্যান্ডকে আরও বড় করার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে চান তিনি।
নিজের এই পথচলায় পরিবারের সমর্থন, মায়ের দোয়া এবং নানা-নানির ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি মনে করেন জুবাইদা। নানা-নানির কোনো ছেলে না থাকায় তাঁদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান তিনি। স্বপ্নপূরণের পথে সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই তরুণ মডেল।
বিআলো/শিলি