Published : 26 Oct 2026, 06:41 PM
Updated : 26 Oct 2026, 06:41 PM
রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ জামিন পেয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত সোমবার শুনানি নিয়ে তাদের জামিনের আদেশ দেয়।
প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান বলেন, “আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আদেশ দেন।”
গত ৪ অক্টোবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, ১৮ অক্টোবরর শাহিনুজ্জামান, ১৯ অক্টোবর শাহ আলম অনিক জামিন পান। মামুন, আসলাম ও মুন্না নামে তিন আসামি কারাগারে রয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর করা হয়। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
