পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার চালুর বিষয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইজিপিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে দলটির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে—আইজিপির এমন বক্তব্য আইনের শাসন ও সংবিধানের পরিপন্থী। সরকারের অনুমতি থাকলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধ হতে পারে না। এ ধরনের বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার বিপজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে।
এনসিপি আরও বলেছে, বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেওয়া আইজিপির এমন বক্তব্য সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। দলটির মতে, এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিপীড়নের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল তার অবসান। তৎকালীন বিরোধী দলগুলোর অসংখ্য নেতাকর্মীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের ইতিহাস এখনো দেশবাসীর সামনে স্পষ্ট।
এনসিপির দাবি, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য দেওয়া দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতে ক্রসফায়ারের ভয় দেখানো প্রাতিষ্ঠানিক দুর্বলতার পরিচয়। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের কোনো বেআইনি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসন বাধ্য নয়। বাংলাদেশের পেনাল কোড ও পুলিশ আইনে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে বলে দাবি করেছে দলটি।
রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনীকে সব ধরনের বেআইনি চর্চা থেকে মুক্ত করে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছে এনসিপি। এ লক্ষ্যে জুলাই সনদে বর্ণিত পথ অনুসরণ করে অবিলম্বে পুলিশ কমিশন গঠনের দাবিও জানিয়েছে দলটি।
