সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়। একই হামলায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি।
নিহত আফতাব উদ্দিন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের কালা মিয়ার ছেলে। আটককৃত জুয়েল আহমদ একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে আফতাব ও তার সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে তারা পুকুরে মাছ ধরার সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় আফতাব ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে আফতাবের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি কালবেলাকে বলেন, পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহত আফতাব উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
