খুলনায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ অক্টোবর) খুলনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।
দুদকের মামলার বিবরণ অনুযায়ী, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে এই সম্পদের একটি অংশকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে দুদক।
অন্যদিকে, শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে এক কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, তার নামে এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।
ফারুক আহমেদের স্ত্রী মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছে দুদক।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, শুনুর নামে ওই সম্পদ অর্জনে ফারুক আহমেদ সহযোগিতা করেছেন। এ অভিযোগেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
