সৌদির প্রতিরক্ষা মন্ত্রকে হামলার দাবি হুথিদেরছবি: X
Published on
:
1 min read
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে মিসাইল হামলা চালানোর দাবি করল হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার দুপুরে এই খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, ‘সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি আমরা।’ যদিও এই নিয়ে এখনও মুখ খোলেনি সৌদি প্রশাসন।
সৌদির রাজধানী রিয়াধে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর। এ দিন সেখানেই ব্যালেস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তবে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে মিসাইল আছড়ে পড়েছে কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, রিয়াধ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ‘সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছি। একদম লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি আমরা।’ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি সৌদি আরব। সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রাস তানুরাতেও হামলার দাবি করেছে হুথিরা।
হরমুজ় প্রণালীর কাছেই রাস তানুরা। হুথিদের দাবি, এখানে মিসাইল আছড়ে পড়ার পরে পুরো শোধনাগারে আগুন ধরে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছে তারা। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডও অগ্নিকাণ্ডের খবর স্বীকার করে নিয়েছে। তবে এই নিয়েও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি সৌদি প্রশাসন।
অন্য দিকে, আক্রমণ বন্ধ করার জন্য সৌদি প্রশাসন হুথিদের বিপুল টাকার প্রস্তাব দিয়েছে বলে দাবি ইজ়রায়েলের সংবাদপত্র ‘ইজ়রায়েল হাইয়োম’-এর। সোমবার ইরানের সঙ্গে বৈঠকে বসেছিল তুরস্ক, পাকিস্তান ও সৌদি প্রশাসন। সেখানেই ইরান মারফত ১ বিলিয়ন ডলার পাঠানোর প্রস্তাব দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি সৌদি।
