‘আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীর বাউফলে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সৈয়দ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দলের প্রধান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের নির্দেশনা অনুসরণ করে জনগণের কল্যাণকে রাজনীতির প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। অতীতে সাধারণ মানুষ নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারত না উল্লেখ করে তিনি বলেন, জনগণের কথা শোনা এবং তাদের সেই পরিস্থিতি থেকে বের করে আনার লক্ষ্যেই তার রাজনৈতিক পথচলা।
এ সময় তিনি দলের প্রধান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার,
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য লামিয়া বেগম ও আফরোজা ইয়াসমিন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/আমিনা