প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী বাহিনী আজ লাপাত্তা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে তা শক্ত ভাবে দেশের সাধারণ মানুষ প্রতিরোধ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের দীর্ঘ যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক জোট জাতীয়তাবাদী সমমনা জোট। বিগত দিনের ন্যায় জোটের নেতারা রাজপথে থেকে সব অপতৎপরতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত সরকার। এই সরকারের সাথে সাধারণ জনগণ রয়েছে তাই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।’
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিষ্টার নাসিম খান বলেন, ‘এই সরকারের সাথে অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, থাকবো।’
এ সময় আরও বক্তব্য রাখেন গনদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, গনদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব শাহিন আলম, এনপিপি মহাসচিব জহির হোসেনসহ অনেকে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা…
পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স…
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে…
ভিসা ছাড়া ৩৪টি দেশে ভ্রমনের সুযোগ পাচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীরা।…
১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের…
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে বাস চলবে না। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বলা হয়েছে, যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।
খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে আবার কবে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পরের পরিস্থিতি বিবেচনা করে এ পথে বাস চালানো হবে কি না, সিদ্ধান্ত জানানো হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
তিনি বলেন, ‘এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।’
এর আগে, গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।
এদিকে, আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।
পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত এবং তিন পার্বত্য জেলাকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি, স্বাস্থ্য এবং যোগাযোগব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি।
শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই সভার আয়োজন করে।
স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে সাচিং প্রু বলেন, দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের জরুরি স্থানান্তরে প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি। একটি অ্যাম্বুলেন্সের অভাবে যেন কোনো রোগী ঝুঁকিতে না পড়েন, সেজন্য জেলা পরিষদকে উপজেলাভিত্তিক জনবল নিয়োগ ও প্রয়োজনীয় বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একইসঙ্গে মহালছড়ি ও দীঘিনালাসহ দুর্গম এলাকায় সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে কক্সবাজারের সাথে সংযুক্ত করে আন্তঃমহাসড়ক ও সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এ লক্ষ্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা হবে, যা পুরো পার্বত্য অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
এছাড়া পার্বত্য অঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করতে কৃষিমন্ত্রীর আসন্ন পার্বত্য চট্টগ্রাম সফরে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্ত্রণালয়ের আর্থিক সীমাবদ্ধতা ও চলমান প্রকল্পের দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে মন্ত্রী সাচিং প্রু উল্লেখ করেন, বিগত সময়ের প্রায় ১৮০ কোটি টাকার বকেয়া দায় এবং জাতীয় পর্যায়ের ঋণ পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সীমিত বরাদ্দের মধ্যেই সর্বোচ্চ স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। নতুন প্রকল্প গ্রহণ ও দরপত্র প্রক্রিয়ায় জেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাস্তবসম্মত প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কৃষি ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি। এ সময় হাতিটিকে লক্ষ্য করে একদল মানুষের ইট-পাথর নিক্ষেপের দৃশ্য একটি ভিডিওতে দেখা গেছে। এতে আহত হাতিটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘আজ আবার সেই অসুস্থ হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে। আমার ধারণা, হাতিটি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার শরীর ও পায়ে গুলির আঘাত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এটি খুবই দুঃখজনক যে লোকজন হাতিটিকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। এতে হাতিটি আরও অসুস্থ হয়ে পড়তে পারে।’
বাহারছড়ার বাসিন্দা মো. শরীফ বলেন, ‘সকাল থেকে হাতিটি লোকজনের বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় মানুষ তাকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে। হাতিটি খুবই দুর্বল হয়ে গেছে। কয়েকটি বাড়িঘরও আংশিক ভেঙে গেছে। হাতিটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। তার ডান পা অনেকটা ফুলে গেছে বলে মনে হচ্ছে।’
এর আগে গত ১৮ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়। প্রায় এক সপ্তাহ আহত অবস্থায় বনে ঘোরার পর ড্রোনের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে চিকিৎসা দেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির ক্ষত পাওয়া যায়।
এরও আগে গত ১৬ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে আরেকটি সুস্থ হাতি ছিল। এখন শুধু অসুস্থ হাতিটি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে।
আহত হাতিটি বারবার লোকালয়ে চলে আসায় মানুষ ও বন্যপ্রাণী-উভয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাতিটিকে উত্ত্যক্ত না করে নিরাপদে সরিয়ে নেওয়া এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভিসা ছাড়া ৩৪টি দেশে ভ্রমনের সুযোগ পাচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীরা। তবে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। শুধুমাত্র কুটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এই ভ্রমনের সুযোগ পাবেন। যদিও একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। তালিকাটি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো-সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া। এদিকে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অর্থাৎ এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন না।
অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।
উল্লেখ্য, ভিসা অব্যাহতির এ সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশের ওপর নির্ভরশীল। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়া জরুরি।
১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ। প্রতিযোগিতাটি পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়।
প্রথম পাঁচটি নৌকার মধ্যে প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুটি নৌকা এবং পরবর্তী পাঁচটি নৌকার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আরও দুটি নৌকা বাছাই করা হয়। দুই পর্বের মোট চারটি বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৩০০ ফিটে পাঁচ হাজারের বেশি দৌড়বিদ নিয়ে ম্যারাথন আয়োজন করা হয়েছে। এবার গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যে হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।
মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটিতে পাঁচ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত নয় মাসে ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। নগরকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সড়কে কোনো বর্জ্য বা ময়লা থাকতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তবে কিছুদিন পর এসব ডাস্টবিন উধাও হয়ে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে। ডাস্টবিনগুলো রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের সহযোগিতা চান তিনি। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগের কথা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার চারটি মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে। তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি মাঠ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও থানায় থাকা খালি জায়গা সংস্কার করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে মিল্টন বলেন, দীর্ঘ ২২ বছর ধরে মিরপুরের ১০ নম্বর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে হকাররা ব্যবসা করছিলেন। সেখান থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। একইভাবে মিরপুর-১ নম্বরে শাহ আলী মার্কেটের সামনের কাঁচাবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। হকারদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, মিরপুর-১ নম্বর ও দিয়াবাড়িতে হকারদের পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। হকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত এসব জায়গা পরিদর্শন করা হবে। মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে ব্যবসা করা হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পুনর্বাসনের ব্যবস্থা হলেও ফুটপাত দখল করে ব্যবসা করার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে নৌকাবাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাতিরঝিলে দর্শনার্থীরা ভিড় করেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৌকাবাইচ উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) ও ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ সহ-সভাপতি মো. অপু (২৮)-সহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক ও সংগঠক ডা. মো. এরশাদ আহসান সোহেল। তার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। কর্মসূচি থেকে সোহেলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিও জানানো হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। তাড়াইল উপজেলা ঘুরে বিকেলে শোডাউনটি করিমগঞ্জ কলেজ মোড়ে পৌঁছায়। পরে কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
শোডাউন ও মিছিলে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে এরশাদ আহসান সোহেলের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘এমপি পদে সোহেল ভাই’ স্লোগান দেন।
সাবেক সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। আসনটিতে উপনির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করেন এরশাদ আহসান সোহেলের অনুসারীরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ১০ জানুয়ারি।
করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা ডা. মো. এরশাদ আহসান সোহেল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সিনিয়র সহসভাপতি ছিলেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং কেন্দ্রীয় সংসদের লালটু-হেলাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন তিনি।
এরশাদ আহসান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য। ২০১৮ সালেও কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এবারও দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৎপরতা চালাচ্ছেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে মনোনয়নপ্রত্যাশীদের সম্মেলনেও অংশ নেন তিনি।
ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, ‘কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এলাকার মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। মনোনয়নের বিষয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে।’
