নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মিন্টু নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।
শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতেই নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে তখন জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
এর আগে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়, আদালতের কাছে দশ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ
ও পরিবার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই রাউন্ড গুলিও ছোড়ে দুর্বৃত্তরা। শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যায় (পিজি হাসপাতাল) নেওয়া হয়। অবশেষে ১২ দিন পাঞ্জা লড়ে সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন শাকিল।
সোমবার রাতে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে তরুণ এ নেতার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে তার হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
