নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে গৌতম গম্ভীরের উদ্বেগ বাড়িয়েছে লোকেশ রাহুল, যশস্বী জয়সবালদের ফর্ম। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধেও রান করতে পারছেন না তাঁরা। ব্যাটিং নিয়ে এই উদ্বেগের মধ্যেই জাতীয় নির্বাচকদের বার্তা আয়ুষ বাদোনির।
রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন দিল্লির অধিনায়ক বাদোনি। বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচের দু’ইনিংসে করেছিলেন ২৩ এবং ৮৫ রান। দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে করেছিলেন ২১৭। এ বার ঝাড়খণ্ডের বিরুদ্ধেও শতরান করলেন বাদোনি। সোমবার খেলা শেষ হওয়ার সময় ১২২ বলে ১০৬ রান করে অপরাজিত রয়েছেন। ১১টি চার এবং ২টি ছয় মেরেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন ২৬ বছরের ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর মধ্যে তিনটি দ্বিশতরান করেছেন বাদোনি। ঝাড়খণ্ড ম্যাচের আগে পর্যন্ত লাল বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর গড় ৫৮.৩১। তা-ও এখনও তাঁকে ভারতের টেস্ট দলের জন্য বিবেচনা করা হয়নি। নিউ জ়িল্যান্ডে গিয়ে ভারতের টেস্ট দলের অধিকাংশ ব্যাটার যখন রান পাচ্ছেন না, সে সময় একের পর এক বড় রানের ইনিংস খেলে নির্বাচকদের বার্তা দিয়ে চলেছেন বাদোনি। টেস্ট দল তো পরের কথা, ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন ভারত ‘এ’ দলেও তাঁর জায়গা হয়নি। জুরেলও দল নিয়ে নিউ জ়িল্যান্ড গিয়েছেন তিনটি বেসরকারি টেস্ট খেলতে।
গুজরাতের বিরুদ্ধে দ্বিশতরান করার পর তিনি বলেছিলেন, ‘‘আমার সব সময় লক্ষ্য থাকে যত বেশি সম্ভব রান করা।’’ তবে জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি দিল্লির অধিনায়ক। যদিও ব্যাট হাতে রঞ্জি ট্রফির প্রতি ম্যাচেই নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন। এ ভাবেই জাতীয় নির্বাচকদের উপর চাপ বাড়াচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের রাজ্য দলের অধিনায়ক।
